সোহেল খন্দকার(ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর থানার ওসি (তদন্ত) ফিরোজ আলম, সেকেন্ড অফিসার মো. শহিদুল ইসলাম, রাজাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন দেবনাথ, সাধারণ সম্পাদক গোপাল কর্মকার, সাংবাদিক আবু সায়েম আকন, হিন্দু-বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব স্বপন কুমার দাসসহ উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সভায় জানানো হয়, এ বছর রাজাপুর উপজেলায় মোট ১৯টি মন্দিরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকরা জানান, পূজামণ্ডপগুলোতে উৎসবের প্রস্তুতি সুন্দরভাবে এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রত্যেকটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে রাজাপুর থানার অফিসার ইনচার্জ সুজন বিশ্বাস বলেন, “শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপনের জন্য রাজাপুর থানা পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে। যেকোনো প্রয়োজনে ২৪ ঘণ্টা ওসির ফোন নম্বরে যোগাযোগ করা যাবে। তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সভায় দুর্গোৎসব চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।