
নিজস্ব প্রতিবেদক // ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে ছোট ভাই মো. আব্দুল জলিলকে (৬৫) হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই মো. শহিদের (৬৬) বিরুদ্ধে। এ ঘটনায় শহিদকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকার মনু মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুল জলিল সকালে নিজ বাগান থেকে সুপারি পাড়তে গেলে তার বড় ভাই বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি ও গালাগালি হয়। একপর্যায়ে বড় ভাই শহিদ ছোট ভাই জলিলের গলা চেপে ধরেন। এতে আব্দুল জলিলের দমবন্ধ হয়ে মৃত্যু হয়।
নিহত ও অভিযুক্ত উভয়েই মৃত মনু মিয়ার ছেলে। তারা লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকার বাসিন্দা।
লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য ভোলায় পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।