
নিজস্ব প্রতিবেদক // শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে বন্ধ থাকা ফেরি চলাচল পাঁচ ঘণ্টা পর আবার সচল করা হয়েছে। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আব্দুল বারী ড্যানির শর্তসাপেক্ষ আশ্বাসের পর ৫ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।
জানা গেছে, গতকাল শুক্রবার নরসিংহপুর ফেরিঘাটের কাছে ফেরি কাকলীর সঙ্গে বালুবাহী বাল্কহেডের সংঘর্ষ হয়। এ সময় ফেরিতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের চাপা দিলে তরিকুল ইসলাম (১০) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়। এ ঘটনায় চাঁদপুরের আলুবাজার নৌ পুলিশ ফাঁড়ি ফেরির প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করে। পরে তাকে গ্রেপ্তার করা হয়। মাস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ শনিবার ভোর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন বিআইডব্লিউটিসির ফেরির কর্মকর্তা-কর্মচারীরা।
তাদের দাবি ছিল, অন্যায়ভাবে মাস্টারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত ফেরি পরিচালনা করবেন না বলেও জানিয়েছিলেন তারা।
এদিকে, আজ শনিবার ভোর থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের দুই প্রান্তে পারাপারের অপেক্ষায় আটকা পড়ে প্রায় দেড় শতাধিক যানবাহন। এতে যাত্রী, চালক ও ব্যবসায়ীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। বেলা ১১টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হওয়ায় ধীরে ধীরে যানবাহন পারাপার স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসি মাস্টার অ্যাসোসিয়েশন (বিমা) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুর রব বলেন, আমাদের চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন আজকের মধ্যে আমাদের মাস্টারকে আমাদের কাছে এনে দিবেন। সেই আশ্বাসে আজ আমাদের কর্মবিরতি প্রত্যাহার করেছি, না হলে আগামীকাল থেকে পুরো বাংলাদেশের কর্মবিরতি পালন করব।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন।
তিনি বলেন, বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা ও শর্তসাপেক্ষ আশ্বাসের পর মাস্টার অ্যাসোসিয়েশন কর্মবিরতি প্রত্যাহার করেছে। এরই মধ্যে ফেরি চলাচল চালু করা হয়েছে।