
এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অতিরিক্ত বা কম নম্বর (ওভার মার্কিং ও আন্ডার মার্কিং) দেওয়ার অভিযোগে দেশের ১১টি শিক্ষা বোর্ডের প্রায় আট হাজার শিক্ষক শাস্তির মুখে পড়তে যাচ্ছেন। চলতি বছরের এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে বিপুল অসংগতি ধরা পড়ার পর ভুল করা পরীক্ষকদের শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে গত বছরের গাফিলতির বিষয়গুলোও আমলে নেওয়া হচ্ছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, গাফিলতির কারণে অভিযুক্ত শিক্ষকদের দুই বছর পর্যন্ত খাতা দেখার দায়িত্ব থেকে বিরত রাখা হতে পারে। এছাড়া ইচ্ছাকৃত বা গুরুতর অনিয়ম প্রমাণিত হলে সংশোধিত পাবলিক পরীক্ষা আইনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই আইনে ‘ডিজিটাল ম্যানিপুলেশন’ বা অবৈধ পরিবর্তনের জন্য সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। পাশাপাশি, ওভার ও আন্ডার মার্কিংয়ের একটি গ্রহণযোগ্য সীমা নির্ধারণ করতে ‘পুনর্মূল্যায়ন নীতিমালা’ তৈরি করার উদ্যোগ নিয়েছে শিক্ষা বোর্ড।
গত ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ৪ লাখ ২ হাজার ৫১ জন শিক্ষার্থী মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করে। এর ফলাফল প্রকাশের পর দেখা যায়, ৫৬ হাজার ২৫৯টি উত্তরপত্রের নম্বর পরিবর্তন হয়েছে। খাতা মূল্যায়নের ভুলে ফেল করা ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী পাস করেছে এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন। মোট গ্রেড পরিবর্তন হয়েছে ২৭ হাজার ৮৩৬ জনের।
শুধু যশোর শিক্ষা বোর্ডেই খাতা মূল্যায়নে ভুলের কারণে ১ হাজার ৬৮৪ জন প্রধান পরীক্ষক ও পরীক্ষককে আগামী দুই বছর পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নের দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যশোর বোর্ডে পুনর্নিরীক্ষণের পর ২ হাজার ৪৩৬ পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়, যার মধ্যে ফেল করা ৩৮০ জন পাস করে।
অন্যদিকে, পরীক্ষা পরিচালনায় গাফিলতির অভিযোগে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ৩৪টি কেন্দ্রের সচিবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। আগামী ৭ অক্টোবরের মধ্যে তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে। সূত্র: সমকাল