
রোববার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় গিয়ে ওই প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এমন চিত্র দেখা গেছে। এ ঘটনার পর থেকে বিদ্যালয়টির শিক্ষার্থী ও অভিভাবকরা প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকদের বিচার দাবি করেছেন।
এলাকাবাসী ও শিক্ষার্থীরা জানান, প্রচণ্ড বৃষ্টির মধ্যেও সকাল সাড়ে ৯টায় কালীগঞ্জ শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান তারা। এসময় একে একে বেশ কয়েকজন শিক্ষার্থী এলেও শিক্ষক আসেননি। তালা বন্ধ থাকায় বিদ্যালয়ের বারান্দায় প্রচণ্ড বৃষ্টির মধ্যে তারা দাঁড়িয়ে থাকেন। পরে এলাকাবাসী কয়েকজন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপতি মোহনকে ফোন দেন। পরে দেখতে পান প্রধান শিক্ষকের মোবাইলটি বন্ধ রাখা হয়েছে। এরপর শিক্ষার্থীরা পরিবারের লোকজনকে খবর দিলে তারাও প্রধান শিক্ষকের মোবাইল ফোনে চেষ্টা করে ব্যর্থ হোন। এভাবেই টানা তিন ঘণ্টার বেশি শিক্ষার্থীরা ক্লাসরুমে না ঢুকে কেউ ছাতা মাথায়, কেউ বারান্দায় অপেক্ষা করেন। পরে উপায় না পেয়ে প্রচণ্ড বৃষ্টির মধ্যে ভিজে বেলা ১২টায় তারা বাড়িতে ফিরে যান।
ওই এলাকার কয়েক জন নাম না বলা শর্তে বলেন, প্রায়ই প্রধান শিক্ষকসহ অনেকেই বিদ্যালয়ে আসেন না। ফলে প্রতি বছর এ বিদ্যায়ের শিক্ষার্থী কমতে শুরু করেছে। আমরা এ শিক্ষকদের বিচার চাই। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করার কোন অধিকার তাদের নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক জানান, প্রতিদিন এই বিদ্যালয়ে শিক্ষক আসেন অনেক দেরিতে। ফলে শিক্ষার্থীরা বাড়ি থেকে দেরিতে আসতে চায়। আজ বৃষ্টির মধ্যেও শিক্ষার্থীদের স্কুলে নিয়ে এসেছি। কিন্তু এসে দেখা যায় স্কুলে তালা বন্ধ করে রেখেছে। এভাবে বিদ্যালয় কখনোই চলতে পারে না। যারা বিদ্যালয় দেখার দায়িত্বে আছেন তাদের অবশ্যই এ বিষয়টি দেখার অনুরোধ করছি। না হলে শিক্ষার্থীদের জীবন একদিন নষ্ট হয়ে যাবে। শিক্ষার্থীরা আর কখনোই এই বিদ্যালয়ে আসতে চাইবে না।
শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপতি মোহনের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
কালীগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনোবির কুমার এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ওই বিদ্যালয়ের শিক্ষকরা আজ নির্ধারিত সময় পার হলেও বিদ্যালয়ে আসেননি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
লালমনিরহাট জেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় জানান, খোঁজ খবর নিয়েছি, তারা কেন বিদ্যালয় আসেনি। এজন্য চিঠি পাঠিয়ে জবাব চাওয়া হবে। এছাড়াও আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।