
দেশজুড়ে নারী ও শিশুদের ওপর নির্যাতন বন্ধ এবং শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার বিচার চেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। 'বিশ্ববিদ্যালয় সংগঠক গ্রুপ' এর আয়োজন করে এবং বিশ্ববিদ্যালয়ের সব সামাজিক সংগঠন এতে অংশ নেয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশে যেভাবে নারী ও শিশু নির্যাতন বাড়ছে, তা এখনই বন্ধ করতে হবে। রামিসার হত্যাকারীদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়, যাতে আর কেউ এমন অপরাধ করার সাহস না পায়।
শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে যোগ দেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা এবং বিশ্ববিদ্যালয়ের নতুন সহকারী প্রক্টর ড. মো: গাজী সাখাওয়াত হোসেন।
মোহাম্মদ বেলাল নামের এক ছাত্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "সরকার ও প্রশাসনের যার যে দায়িত্ব, তাকে ঠিকমতো তা পালন করতে হবে। দেশে নতুন সরকার আসার পর আমরা শান্ত ছিলাম, কোনো আন্দোলন করিনি। কিন্তু প্রশাসন যদি অপরাধীদের বিচার করতে না পারে, তবে শিক্ষার্থীরা আর ঘরে বসে থাকবে না। আমরা রামিসাসহ সব হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই।"
বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মো: মেহেদী হাসান সোহাগ বলেন, "অপরাধীদের শাস্তি না হলে তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। তাই শুধু গ্রেফতার করলেই হবে না, দ্রুত তাদের কঠিন শাস্তি দিতে হবে। আমাদের দেশের মা-বোন আর শিশুরা যদি নিরাপদ না থাকে, তবে এই আইন দিয়ে কী হবে? আইনকে আরও শক্ত করা দরকার। আমরা একটি নিরাপদ সমাজ চাই।"
শিক্ষার্থীদের সাথে সুর মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো: গাজী সাখাওয়াত হোসেন বলেন, "আমি আজ এখানে কোনো কর্মকর্তা হিসেবে আসিনি। এই বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্র ও দেশের নাগরিক হিসেবে নিজের বিবেক থেকে দাঁড়িয়েছি।"
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, "এই খুনিদের দ্রুত বিচার করে দেশে একটি উদাহরণ তৈরি করুন। আমাদের জন্য নিরাপদ দেশ গড়ে তুলুন। আমরা আর বিচার চেয়ে রাস্তায় নামতে চাই না। দেশের মানুষ শান্তিতে থাকতে চায়।"
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা পরিষ্কার জানিয়ে দেন, রামিসা হত্যার বিচার এবং নারী-শিশুদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এই দাবি জানিয়ে যাবেন।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।