অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস। মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সহ-সভাপতি ইয়াসমিন আরা হক, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, সহ সম্পাদক শাহিদা মির্জা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রুমা আক্তার, সাধারণ সম্পাদক শাহিনুর নার্গিস, উত্তরের সভাপতি নায়েবা ইউসুফ, সাধারণ সম্পাদক রুনা লায়লা রুনা প্রমুখ বক্তব্য রাখেন।
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় তিন শতাধিক দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সেলিমা রহমান বলেন, দেশের হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন হচ্ছে। আর এই লুটের সাথে আওয়ামী লীগের নেতারা জড়িত। তাই সরকার লুটেরাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। বরং বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বাড়িয়ে সরকারি সিন্ডিকেটকে আরো উৎসাহিত করছে।
তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার মামলা, হামলা করে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ-সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এই অবৈধ সরকারকে বিদায় করে বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।
