
নিজস্ব প্রতিবেদক // ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ শিশু ও সাতজন নারী রয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২৮ জন। অন্যদিকে, সৌদি আরবের একটি বিদ্যুৎকেন্দ্র ও বন্দরে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
শুক্রবার (২১ নভেম্বর) হুতিদের নিয়ন্ত্রণাধীন সংবাদমাধ্যম আল মাসিরা টেলিভিশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদের নিয়ন্ত্রণাধীন রাজধানী সানার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে হতাহতদের এ সংখ্যা প্রকাশ করা হয়েছে। আহতদের মধ্যে ৩টি শিশুও রয়েছে। তবে ইয়েমেনের কোন কোন এলাকায় এসব হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
তবে হতাহতের এ সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে, শুক্রবার হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে দাবি করেন, সৌদি আরবের জাজান অঞ্চলে অবস্থিত আল-শুকাইক বিদ্যুৎকেন্দ্র ও জাজান বন্দরে হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা।
তার দাবি, এসব হামলায় লক্ষ্যবস্তুতে সরাসরি ও নিখুঁতভাবে আঘাত হানা হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।