
নিজস্ব প্রতিবেদক // ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘রাষ্ট্রে নানা ধরনের সমস্যা ও সংকট তৈরি হবে। রাষ্ট্রের পরিচালক হিসেবে সরকারের দায়িত্ব হচ্ছে সমস্যা বা সংকটকে যথাযথভাবে চিহ্নিত করা এবং তা স্বীকার করে নেওয়া। এটা সুশাসনের প্রধান ও প্রথম আলামতও বটে। স্বৈরশাসকরা সমস্যাকে সমস্যা হিসেবে স্বীকার করতে চায় না। বিএনপি সরকারের মধ্যেও সমস্যা অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে।’
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বরিশালের মুলাদী উপজেলার পূর্ববাজারে অনুষ্ঠিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী যুব আন্দোলন মুলাদী উপজেলা শাখা এ সম্মেলন আয়োজন করে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সমস্যাকে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা বলে মনে হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে পতিত স্বৈরাচারের ফেরত আসাকে কেন্দ্র করে বহু গাড়িতে আগুন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদরদপ্তরে পর্যন্ত ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। খুলনা আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। গত ১০ মাসে সত্তরের বেশি মানুষ খুন হয়েছে। খুলনার সরকার দলীয় নেতারাও পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করছেন।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তথ্য-উপাত্তের মতলবি উপস্থাপন ও ব্যাখ্যা করে আত্মতৃপ্তিতে ভুগছেন। আমরা সরকারকে বলব- খারাপ সময়ের সঙ্গে তুলনা করে নিজেকে ভালো দেখানোর প্রবণতা থেকে বের হয়ে আসুন।
প্রশ্ন তুলে ফয়জুল করীম বলেন, সরকারি দলের কাছে তথ্য আছে যে, বিরোধী দল নাকি বিদেশি গোয়েন্দাদের সঙ্গে বৈঠক করেছে। আবার বিরোধী দল বলেছে- সরকারি দল বৈঠক করেছে, তাদের কাছে নাকি নথি আছে। তাহলে কি আমরা ধরে নেব, উভয় দলই বিদেশি গোয়েন্দাদের সঙ্গে সমঝোতা করে চলছেন?
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মাওলানা আল আমীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য কে এম শরীয়াতুল্লাহ।
এতে আরও বক্তব্য দেন মুলাদী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি এফ এম মাইনুল ইসলাম, সহসভাপতি আলহাজ নেছার উদ্দীন, সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।