নিজস্ব প্রতিবেদক // তফসিল ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়ে গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক আয়োজন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। নির্বাচন সামনে রেখে দেশের অন্যসব আসনের মতো বরিশাল-০৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনেও বইছে নির্বাচনী উত্তাপ।
এবারে তফসিল ঘোষণার পরপরই আগেভাগেই শুরু হয়েছে ভোটের লড়াই। প্রার্থীরা ইতোমধ্যে নিজ নিজ প্রতীকের পক্ষে মাঠে নেমে গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি তৎপরতা দেখা গেছে বিএনপির মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর মধ্যে। উভয় রাজনৈতিক দলের প্রার্থীর কর্মী-সমর্থকরাও ব্যাপকভাবে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
এবার এই আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী ছাড়াও প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এনসিপি ও খেলাফত মজলিস। ফলে নদীবেষ্টিত এ গুরুত্বপূর্ণ আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে বহুমাত্রিক ও নানা সমীকরণের ভিত্তিতে।
হিজলা-মেহেন্দিগঞ্জের মানুষ আগামীর নেতা হিসেবে কাকে বেছে নেবেন—তা জানতে অপেক্ষা করতে হবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন বলেই প্রত্যাশা স্থানীয়দের।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।