নিজস্ব প্রতিবেদক // জামালপুরের মেলান্দহে ৩ ভুয়া পুলিশকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধায় উপজেলার হাজরাবাড়ী পৌর এলাকার জটিয়ারপাড়া দাঁতভাঙ্গা ব্রিজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ।
গ্রেপ্তাররা হলেন, মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী পশ্চিমপাড়া গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো. লাবণ্য (২৩), একই এলাকার মো. আলা উদ্দিনের ছেলে শেখ আকাশ (২১) ও জুয়েল মিয়ার ছেলে মো. জুবাইদুর রহমান খোকন (২৫)।ওসি রাজু আহাম্মদ বলেন, ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে তারা দাঁতভাঙ্গা ব্রীজে চাঁদাবাজি করছিল।
তাদের আচরণ দেখে মানুষের মাঝে সন্দেহ জাগলে তাদের তিনজনকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।তিনিও আরও বলেন, একটি চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। তাদের কাছ থেকে চাঁদাবাজি করার নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আজ তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।
