নিজস্ব প্রতিবেদক // রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের সচিব জুবাইর রহমানের বিরুদ্ধে নিয়মিত অফিস না করার পাশাপাশি জন্ম সনদের জন্য ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।৫০ টাকার জন্ম সনদের জন্য তিনি ৩ থেকে ৮ হাজার টাকা ঘুষ নেন বলে অভিযোগ জানিয়েছেন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যসহ একাধিক ভুক্তভোগী। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের ২৩ মার্চ নবাবপুর ইউনিয়ন পরিষদে যোগদান করেন জুবাইর রহামান। যোগদানের পর মার্চের বাকি দিনগুলো একদিনও অফিস করেননি তিনি। এপ্রিল মাসে তিনি ৩, ৮, ২৪ তারিখ, মে মাসে ১৫, ১৭ ও ১৮ তারিখ, জুন মাসে ৬,৭,৮, ১৭ ও ১৮ এবং জুলাই মাসে ২,৩, ৪ ও ৫ তারিখ মিলে মাত্র ১৫ দিন অফিস করেছেন। বাকি কর্মদিবসগুলো লালকালি দিয়ে অনুপস্থিত লেখা রয়েছে।
নিয়মিত অফিস না করার কারণে ইউনিয়নের অর্ধলক্ষ মানুষ সরকারি সব ধরণের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এরই মধ্যে ১২ জন ভুক্তভোগী লিখিত অভিযোগ করেছে। উপায়ন্তর না পেয়ে ইউপি চেয়ারম্যান বাদশা আলমগীর “সচিব কর্তৃক সাধারণ জনগণের ভোগান্তি ও অনুপস্থিতির” বিষয়টি তুলে ধরে লিখিত উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের কাছে অভিযপগ জানিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিন ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, পরিষদের চত্বরের সামনে সচিবকে ঘিরে রেখে কয়েকজন হট্টগোল করছেন। জানতে চাইলে রামদিয়া ব্রীজঘাটের বাসিন্দা মো: জাকির হোসেন জানান, তার ভাতিজার জন্মনিবন্ধনের জন্য সচিব প্রথমে ৩ হাজার টাকা দাবি করেছিলেন।
তিনি ১২০০ টাকা দিয়েছিলেন। কাজ শেষ হওয়ার পর সনদ আনতে গেলে এখন তার কাছে আরও ১ হাজার টাকা দাবি করছেন। শিশুর বয়স ৫ বছর পর্যন্ত ২৫ টাকা ও ৫ বছরের ওপরে সব বয়সীদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন ফি ৫০ টাকা নির্ধারণ করেছে। এছাড়া জন্ম নিবন্ধনের জন্ম তারিখ সংশোধনের আবেদন ফি ১ শ’ টাকা নির্ধারণ করেছে সরকার। কিন্তু ইউপি সচিব জুবাইর রহমান অতিরিক্ত অর্থ দাবি করেন বলে জানা গেছে।
