
প্রীতি মুখুন্ধন— ভারতীয় সিনেমার নতুন সেনসেশন। মার্জিত ভাব, কমনীয়তা আর সৌন্দর্যের দারুণ এক মিশেল প্রীতি। সিনেমার পর্দায় তার প্রতিটি ফ্রেমেই যেন আলাদা এক মুগ্ধতা, এক মায়াবী লুক। দক্ষিণী সিনেমার গণ্ডি পেরিয়ে মোহময়ী তারকা প্রীতি মুখুন্দন এখন ভারতজুড়ে দাপিয়ে বেড়ানোর অপেক্ষায়।
তামিলনাড়ুতে জন্ম নেওয়া প্রীতি মুখুন্ধন অসাধারণ অভিনয় ও রূপ-লাবণ্য দিয়ে খুব অল্প সময়েই সিনেমাজগৎ আলোকিত করে চলেছেন। এবার তামিল-তেলেগু মাতানো এই মডেল ও নৃত্যশিল্পী পা রাখতে চলেছেন বলিউডের চাকচিক্যময় জগতে।
গ্ল্যামারাস এই অভিনেত্রীকে দেখা যাবে বলিউডের বিখ্যাত পরিচালক-প্রযোজক করণ জোহরের ধর্মা প্রোডাকশনসের সিনেমা ‘নাগজিলা-তে। যেখানে বর্তমান সময়ের হার্টথ্রব কার্তিক আরিয়ান মূল ভূমিকায় অভিনয় করবেন।
ফ্যান্টাসি ও কমেডির আবহে তৈরি সিনেমাটিতে প্রীতির অন্তর্ভুক্তি নেটপাড়ায় আলোড়ন তুলেছে। রঙিন পর্দার সব আলো নিজের দিকে কেড়ে নেওয়া তামিলনাড়ুর ২৫ বছর বয়সী এই তন্বীর প্রতি আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। সবার আগ্রহ কে এই প্রীতি মুখুন্দন? যার কোমনীয় চেহারায় মিশে আছে এক গভীর আবেদনময়ী আভা।
২০০১ সালে তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে জন্ম নেওয়া প্রীতির বিনোদন ভুবনে আসার গল্পটি রূপকথার মতো। অত্যন্ত মেধাবী ছাত্রী প্রীতি ইঞ্জিনিয়ারিং পাস করেও বেছে নেন বিনোদন অঙ্গন। শৈশব থেকেই নৃত্যপ্রেমে বুঁদ থাকা এই সুন্দরী নিজের শৈল্পিক দক্ষতাকে সঙ্গী করেই পা রাখেন গ্ল্যামার দুনিয়ায়।
২০২৪ সালে হরর-কমেডি ‘ওম ভীম বুশ’ এবং মেগাস্টার সংবলিত পিরিয়ড ড্রামা ‘কান্নাপ্পা‘-তে দুর্দান্ত অভিনয় দিয়ে দক্ষিণের সিনেমায় আলোড়ন তোলেন। মালায়ালাম বক্স অফিস কাঁপানো সিনেমা ‘সর্বম মায়া’ দিয়ে সাউথ ইন্ডাস্ট্রি শক্তিশালী শুরু করে প্রীতি মুখুন্ধন। এর পর মোহনলাল, প্রভাস কিংবা অক্ষয় কুমারের মতো মহারথীদের সঙ্গেও পর্দায় দেখা যায় এই লাস্যময়ীকে।
বর্তমানে পুরো বলিউডে প্রীতি মুখুন্দনকে নিয়ে চলছে আলোচনা। তার প্রতি আগ্রহ দেখাচ্ছেন নামি পরিচালক ও প্রযোজকরা। মৃগদীপ সিং লাম্বার পরিচালনায় প্রাচীন রূপকথা ও কমেডির মেলবন্ধনে নির্মিত ‘নাগজিলা’ প্রীতির প্রথম বলিউড প্রজেক্ট। আগামী বছরের নাগ পঞ্চমীতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।