
ঘুর্ণিঝড় ‘রোমেল’ মোকাবেলায় কর্মপন্থা নিরুপনে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
কমিটির সভাপতি ও জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান, দুর্যোগকালে নিরাপদ আশ্রয়ের জন্য জেলায় ৫৪১টি আশ্রয়কেন্দ্র, ৯৩ মেট্রিক টন চাল, শুকনা খাবার ও অর্থসহায়তার ব্যবস্থা রয়েছে। এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকদের প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে। নারী, শিশু ও গর্ভবতীদের অগ্রাধিকারভিত্তিতে নিরাপদ আশ্রয়ে নিতে নির্দেশনাসহ হিজলা, মুলাদী ও বাকেরগঞ্জ প্রভৃতি নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানান তিনি।এলাকার মানুষ ও গবাদিপশু নিরাপদ স্থানে সরিয়ে রাখতে এবং দুর্যোগমোকাবেলায় সরকারি দপ্তরসমূহ কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
জেলা সিভিল সার্জন জানান, দুর্যোগকালে ৯৮টি মেডিকেল টিম কাজ করবে। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
সভায় ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, র্যাব সদস্য, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, স্কাউটের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।