
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে হিজলা-মেহেন্দিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান মোঃ মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় স্থানীয় জাতীয় পার্টির আয়োজনে সোমবার (১৪ জুলাই) আসরবাদ দুই উপজেলার কেন্দ্রীয় মসজিদে আয়োজন করা হয় দোয়া মিলাদ। দুই উপজেলায় পৃথক পৃথক দোয়া মিলাদে উপস্থিত ছিলেন উপজেলা, পৌর ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ। এ সময় হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। নেতাকর্মীরা এরশাদের রাজনৈতিক জীবন ও দেশ পরিচালনায় তার অবদানের কথা স্মরণ করেন এবং পার্টির বর্তমান চেয়ারম্যান জনবন্ধু জি এম কাদের এর নেতৃত্বে দলকে আরও সংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হিজলা উপজেলার আহবায়ক কাজী শাহাবুদ্দিন। মেহেন্দিগঞ্জে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক আলী আক্কাস সিকদার প্রমুখ।