1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রতীক পাওয়ার পরদিনই প্রার্থীর মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

প্রতীক পাওয়ার পরদিনই প্রার্থীর মৃত্যু

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১১৮ 0 বার সংবাদি দেখেছে
32

নিজস্ব প্রতিবেদক // দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মারা গেছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আমিনুল হক ২০০৬ সালে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন। তিনি নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। এ ছাড়া তিনি ১৯৮৬ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত একাধিকবার পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আমিনুল হকের ব্যক্তিগত সহকারী ছয়ফুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, মামলার শুনানিতে অংশ নিতে গত সোমবার (২৫ ডিসেম্বর) ঢাকায় যান আমিনুল হক। ঢাকায় যাওয়ার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরের দিন মঙ্গলবার রাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। তিনি ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

ছয়ফুল ইসলাম আরও জানান, শুক্রবার সন্ধ্যার আগেই আমিনুল হকের মরদেহ গ্রামের বাড়ি নওগাঁর নজিপুরে পৌঁছাতে পারে। আগামীকাল শনিবার সকাল ১০টায় জানাজা শেষে বাদ যোহর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করতে আমিনুল হক দলের মনোনয়ন চেয়েছিলেন। দল থেকে মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু নির্বাচন কমিশন তার মনোনয়নপত্রে বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে প্রার্থিতা বাতিল করে দেয়।

পরে আমিনুল হক প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট গত বুধবার তার প্রার্থিতা বৈধ বলে রায় দেন। গতকাল বৃহস্পতিবার নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাকে ঈগল প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পাওয়ার পরদিনই তিনি মারা গেলেন।

নওগাঁ-২ আসনে আমিনুল হক ছাড়া আরও তিনজন প্রার্থী রয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী তোফাজ্জল হোসেন ও ট্রাক প্রতীকের আরেক স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আখতারুল ইসলাম।

প্রার্থীর মৃত্যুর পর ওই আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত থাকবে কি না এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত করা হবে। পরবর্তীতে নতুন করে আবারও তফসিল করে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews