নিজস্ব প্রতিবেদক // বরিশালের উজিরপুর হাসপাতালে চিকিৎসা নিতে এসে, হাসপাতালের ছাদ ও দেওয়ালে বড় ফাটল দেখে ভয়ে চিকিৎসা না নিয়েই ফিরে যান সাবেক চেয়ারম্যান আবুল কালাম সরদার।
কেবল কালামই নয় তার মত প্রতিদিন শত শত মানুষ এই হাসপাতালে চিকিৎসা নিতে এসে হাসপাতালের ফাটল দেখে ভয় পেয়ে কেউ চিকিৎসা সেবা নিচ্ছেন আর কেউ কেউ সেবা না নিয়েই ফিরে যাচ্ছেন। কিন্ত মানুষ গেলেও নিরুপায় হয়ে, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন ওই হাসপাতালের চিকিৎসকরা।
জানা যায়, ১৯৭৪ সালে নির্মিত ৩১ শয্যা উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির পুরোনো ভবনটি অধিকাংশ জায়গায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। যা ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিক বার জানানো হলেও কোন প্রতিকার মিলছে না।
এখানে কর্মরত একাধিক চিকিৎসক ক্ষোভ প্রকাশ করে জানান, তারা জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে এমন আতঙ্ক তাদের।তারা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০১০ সালে ৫০ শয্যায় উন্নীত করে নতুন একটি ভবন উদ্বোধন করা হয়।
তবে নতুন ভবনে এখনও পুরোপুরি স্থানান্তর হয় নি।ফলে পুরোনো ভবনটিতে জরুরি বিভাগ, ফিমেল ওয়ার্ড, প্যাথোলজি, ইসিজি,এক্সরেসহ হাসপাতালের প্রশাসনিক শাখার সব কার্যক্রম চলছে পুরোনো ভবনে।








