
নিজস্ব প্রতিবেদক // নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লা-৬ আসনের নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারকে ১ লাখ টাকা ও বরগুনা-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নৌকার এই দুই প্রার্থীকে জরিমানার টাকা তিন দিনের মধ্যে পরিশোধ করতে হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
এর আগে, বাহারকে দেয়া ইসির চিঠিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী তারা একাধিকবার নির্বাচন পূর্ব অনিয়ম করেছেন ও আচরণবিধি ভঙ্গ করেছেন। এজন্য তাদের নির্বাচনি তদন্ত কমিটি কারণ দর্শাতে একাধিকবার নোটিশও দিয়েছিলেন।
চিঠিতে কেন প্রার্থিতা কেন বাতিল হবে না সেই ব্যাখ্যা দিতে আজ বেলা তিনটার দিকে নির্বাচন কমিশনে হাজির তিন বারের সংসদ সদস্য বাহাউদ্দীন বাহার।
নির্বাচন কমিশন (ইসি) গঠিত নির্বাচনি অনুসন্ধান কমিটি গণমাধ্যমকর্মীর ওপর হামলার অভিযোগ প্রমাণিত হওয়ার প্রেক্ষাপটে বাহারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে। অনুসন্ধান কমিটি তার সুপারিশে গণপ্রতিনিধিত্ব আইন (আরপিও) ও নির্বাচনী আচরণবিধির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে।
উল্লেখ্য, আরপিও’র সংশ্লিষ্ট ধারা মতে এক বছর থেকে পাঁচ বছরের সাজা ও অর্থদণ্ড এবং নির্বাচনী আচরণবিধির অনুযায়ী, সর্বোচ্চ ছয় মাসের সাজা ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।