
নিজস্ব প্রতিবেদক // পিরোজপুর নেছারাবাদের বলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মো. সাইদুর রহমান সাইদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার উড়িবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট উপজেলার সমুদয়কাঠি এলাকায় সংঘটিত একটি রাজনৈতিক মামলার ঘটনায় ১৬ আগস্ট নেছারাবাদ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন সমুদয়কাঠি ইউনিয়নের যুবদল নেতা এইচ এম শাকিল আহম্মেদ। মামলায় ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় সাবেক চেয়ারম্যান সাইদুর রহমানকে ১৪ নম্বর আসামি করা হয়।
নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, সাইদুর রহমানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।