
স্টাফ রিপোর্টার:
বরিশাল গণপূর্ত বিভাগের অফিস সংলগ্ন সরকারি জমি অবৈধভাবে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সকলকে সতর্ক করে বিজ্ঞপ্তি জারি করেছে গণপূর্ত উপ-বিভাগ, বরিশাল।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এসএ রেকর্ডীয় কে এল নং-৪ এবং এসএ খতিয়ান নং-৫ তফসিলভুক্ত ১৫.৫৪২ শতাংশ জমি বরিশাল গণপূর্ত বিভাগের সরকারি সম্পত্তি। সম্প্রতি রাতের আঁধারে ওই জমিতে স্টল নির্মাণ করে অবৈধভাবে ভোগ-দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে বরিশাল জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ নুরুল আমিন কয়েসসহ কয়েকজনের বিরুদ্ধে সরকারি জমি দখলের চেষ্টা করার অভিযোগ উত্থাপিত হয়েছে।
গণপূর্ত বিভাগের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উক্ত জমিতে কোনো ধরনের স্থাপনা নির্মাণ বা অপসারণের বিষয়ে উচ্চ আদালতের স্থগিতাদেশ বর্তমানে বহাল রয়েছে। ফলে আদালতের নির্দেশনা উপেক্ষা করে কোনো ধরনের নির্মাণকাজ বা দখল কার্যক্রম আইনগতভাবে গ্রহণযোগ্য নয়।
উপ-বিভাগীয় প্রকৌশলী ফাহিম আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভুয়া মালিকানা দাবি করে সরকারি জমিতে জাল-জালিয়াতির মাধ্যমে অর্থ লেনদেন ও স্থাপনা নির্মাণ আইনত দণ্ডনীয় অপরাধ। এছাড়া অবৈধ উচ্ছেদ বা দখলসংক্রান্ত কর্মকাণ্ডে কোনো ব্যক্তি আর্থিক ক্ষতির সম্মুখীন হলে তার দায়ভার গণপূর্ত বিভাগ বহন করবে না।
সরকারি সম্পত্তি রক্ষায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে গণপূর্ত বিভাগ। পাশাপাশি আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন মেনে চলার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।