
আজ শনিবার ভোর রাত ৫টার দিকে চকরিয়া উপজেলার উত্তর হারবাং কলাতলী এলাকায় ১২ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঝিনাইদহর শৈলকুপা উপজেলার দুপচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাটাইবাজারের গাবলা এলাকার আইয়ুব আলীর ছেলে ট্রাকচালক এরশাদ মন্ডল (৩৮) এবং সিলেটের জাফলং গোয়াইনঘাট এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ট্রাকের হেলপার মো. সিব্বির আহমদ মারুফ (১৯)।
চিরিংগা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র জানায়, চট্টগ্রাম থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্টো ট-১৮-৮১২৩) কক্সবাজারের দিকে যাচ্ছিল। সিমেন্ট বোঝাই ট্রাকটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাংস্থ ১২ নম্বর ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় হাইওয়ে পুলিশ গুরুতর আহত ট্রাকচালক এরশাদ ও হেলপার মারুফকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রপ্ত কর্মকর্তা ইমন চৌধুরী বলেন, ‘লাশ দুটি উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।’