
মোঃ ইয়াহিয়া শাকুর, পটুয়াখালী প্রতিনিধি // পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৭৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষার হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক মোঃ নিজাম উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আব্দুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. হাবিবুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানরা।
পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শিক্ষার্থী-বান্ধব পরিবেশ নিশ্চিত করা হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্যাম্পাসে পুলিশ, আনসার, বিএনসিসি ও রোভার স্কাউট মোতায়েন করা হয়।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, পরীক্ষায় অংশগ্রহণকারী অধিকাংশ শিক্ষার্থী সফল হয়ে ভবিষ্যতে দেশের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে ভূমিকা রাখবে।