
আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
রিজভী বলেন, ‘দেশ এখন ডেঙ্গু জ্বরে কাঁপছে। ঢাকাসহ প্রায় সারা দেশে ডেঙ্গু ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সরকারের দুর্নীতি ও অবহেলায় এই রোগ এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ভারতের চাঁদে যেতে খরচ হয় ৬৫১ কোটি টাকা, অথচ বাংলাদেশে মশা নিধনের বাজেট প্রায় ২০০০ কোটি টাকা।’
রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী সরকার নিজেদের অস্তিত্ব টেকানোর জন্য বিরোধীদলের ওপর ঝাঁপিয়ে পড়েছে। আদালত, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে। জনগণকে নিয়ন্ত্রণ করতে না পেরে সরকার তাদের শেষ অস্ত্র হিসেবে আদালতকে ব্যবহার করছে।
এ সময় সারা দেশে বিএনপির নেতাকর্মীদের ওপর ক্ষমতাসীন আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ বাহিনীর হামলা, মামলা ও গ্রেপ্তারের বিবরণ তুলে ধরেন রিজভী।
তিনি বলেন, গত ২৮ জুলাই থেকে আজ পর্যন্ত সারা দেশে ১ হাজার ৩৫০ নেতাকর্মীকে হামলা করে আহত করা হয়েছে। মামলা দেওয়া হয়েছে ৩৩৩টি। আর এ সব মামলায় ১৪ হাজার ১৩০ জনকে আসামি করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৭২০ জনকে।