
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা সরকার পতনের এক দফা দাবিতে এবং তরুণরা ভোট দিতে না পারার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছেন। তারা আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর রংপুর এবং রাজশাহী বিভাগে তারুণ্যের রোডমার্চ ঘোষণা করেছেন। আর এক দফা দাবিতে বিএনপির কর্মসূচি আগামী ১৮ সেপ্টেম্বর বিস্তারিত জানানো হবে। ১৮ সেপ্টেম্বর আমরা ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করব।’
তিনি বলেন, ‘সবাই একমত যে, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সংসদে যে জাতীয় পার্টি আছে তারাও বলছেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কখনও সুষ্ঠু নির্বাচন হবে না। আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। একইসঙ্গে নতুন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হতে হবে।’
এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘রাজধানীর পুরনো মার্কেটগুলোয় আগুন দেয়া হচ্ছে, কারণ সরকার নতুন মার্কেট তৈরি করতে চায়। আর এসব মার্কেটে নিজস্ব লোকদের দোকান বরাদ্ধ দিতে চায় আওয়ামী লীগ।’
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়ার দাবি করেন বিএনপি মহাসচিব।
গত ১৩ সেপ্টেম্বর গণতন্ত্র মঞ্চের নেতারা এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। এরপর গণতন্ত্র মঞ্চের নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছিলেন, ‘সরকারের নির্বাচনে ফাঁদে পা না দিয়ে খালেদা জিয়া একদম আন্দোলন চালিয়ে নিতে বলছেন।’
এ বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলে ফখরুল বলেন, ‘কে কী বলেছেন জানি না, আমাদের তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, স্ট্যান্ডিং কমিটি আছে, সেভাবেই সিদ্ধান্ত হয়।’
তিনি আরও বলেন, ‘চেয়ারপারসন অসুস্থ। তিনি কোনো দলীয় নির্দেশনা দেন না। এসবের মধ্যে টানবেন না।