
মোঃ এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন সিকদার ও পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ সোহেল সিকদারের মাতা মোসাঃ জায়েদা আলী (৮২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি উজিরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মরহুম এরশেদ আলীর স্ত্রী। গত ৫ জুন শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ জুন শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। এছাড়াও শোক ও সমবেদনা জানিয়েছেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উজিরপুরের সিকদারপাড়া এম এ মেজর জলিল মাদ্রাসা মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং শত শত মুসল্লি অংশগ্রহণ করেন।
জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপস্থিত সকলেই।