
এর আগে চলতি বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আইসিসির নারী ওয়ানডে বিশ্বকাপে তিনি আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন সৈকত।
আজ শুক্রবার ১৬ জন আম্পায়ার ও ৪ জন ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করেছে আইসিসি। ভারতে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের লিগ ম্যাচগুলোর জন্য এসব আম্পায়ারের তালিকা ঘোষণা করেছে ক্রিকেটের সবচেয়ে বড় সংস্থা। তবে সেমিফাইনাল ও ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের নাম পরে জানানো হবে।
এদিকে মোট ১৬ জন আম্পায়ারের মধ্যে ১২জন আইসিসি এলিট প্যানেলের সদস্য—ক্রিস্টোফার গ্যাফানে (নিউজিল্যান্ড), কুমার ধর্মসেনা (শ্রীলংকা), মারাইস এরাসমাস (দক্ষিণ আফ্রিকা), মাইকেল গফ (ইংল্যান্ড), নিতিন মেনন (ভারত), পল রেইফেল (অস্ট্রেলিয়া), রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড), রিচার্ড কেটেলবরো (ইংল্যান্ড), রড টাকার (অস্ট্রেলিয়া), জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ), আহসান রাজা (পাকিস্তান) ও আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা)।
বাকি চারজন আইসিসি ইমার্জিং আম্পায়ার প্যানেলের সদস্য—শরফুদ্দৌলা ইবনে শহীদ (বাংলাদেশ), পল উইলসন (অস্ট্রেলিয়া), অ্যালেক্স হোয়ার্ফ (ইংল্যান্ড) ও ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড)।
এলিট প্যানেলের সদস্য কুমার ধর্মসেনা, রড টাকার ও মারাইস এরাসমাস ২০১৯ বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেছেন।
এলিট প্যানেলের ম্যাচ রেফারিদের থেকে যে চারজনের নাম ঘোষণা করা হয়েছে, তারা হলেন জেফ ক্রো (নিউজিল্যান্ড), অ্যান্ডি পাইক্রফট (জিম্বাবুয়ে), রিচি রিচার্ডসন (ওয়েস্ট ইন্ডিজ) ও জাভাগাল শ্রীনাথ (ভারত)।
বিশ্বকাপের প্রথম ম্যাচে ৫ অক্টোবর (ইংল্যান্ড-নিউজিল্যান্ড) ম্যাচ অফিসিয়ালদের নামও জানিয়ে দিয়েছে আইসিসি। নিতিন মেনন ও কুমার ধর্মসেনা মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকবেন। টিভি আম্পায়ার পল উইলসন এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা।