
গতকাল শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত ভিন্ন ভিন্ন সময়ে ওই হোটেলে খাবার খান বলে জানিয়েছেন অসুস্থ ব্যক্তিরা।
এ বিষয়ে জানতে রেদোয়ান রেস্টুরেন্টের মালিক আতিয়ার রহমানের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
রোগী ও তাদের স্বজনরা জানান, ওই রেস্টুরেন্টে শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন লোকজন খাবার খান। মধ্যরাতে তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। বমি ও পাতলা পায়খানার সঙ্গে শুরু হয় পেট ব্যাথা ও জ্বর। অসুস্থদের মধ্যে কয়েকজন শুক্রবার রাতে এবং কয়েকজন শনিবার সকালে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি হন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. জুয়েল রানা বলেন, এ ঘটনায় রাত থেকে সকাল পর্যন্ত হাসপাতালে মোট ১৫ জন ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম ইসলাম নয়ন বলেন, এ ঘটনায় অসুস্থদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে খাবারের বিষক্রিয়া থেকে এমন হতে পারে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।