
বিশ্বকাপের প্রথম তিন ম্যাচের দুটিতেই হেরেছে বাংলাদেশ। সামনেও কঠিন প্রতিপক্ষ ভারত ও দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টে এখন বাংলাদেশের অবস্থান কোথায়? মুস্তাফিজের উত্তর, কোনো কিছুই অসম্ভব না। আমরাতো ছয় ম্যাচের ছয়টাই জিততে পারি।
দলের ভেতর কী আলাপ হচ্ছে, মুস্তাফিজের কাছে এমন প্রশ্নে তিনি বলেন, আমরা ভালো করার উপায় খুঁজছি। নিজেরা কথাবার্তা বলছিলাম কী করলে ভালো কিছু হবে।
কিউইদের বিপক্ষে কেবল ২৪৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। কিউইরা ঐ রান তাড়া করে যায় ৪৩ বল হাতে রেখে। বোলাররা শুরুটা ভালো করলেও নিতে পারেন কেবল দুই উইকেট।
মুস্তাফিজ বলেন, আমরা পেসাররা শুরুটা ভালো করেছিলাম। আমাদের যদি আরো ৩০ রান বেশি হতো তাহলে আরো সুযোগ থাকতো। ওরা আরেকটু ঝুঁকি নিয়ে খেলতো। অন্তত ২৮০ এর মতো হলে ভালো কিছু হতো।
ক্যাচ মিস নিয়ে মুস্তাফিজ বলেন, যেটা উইকেট হয়নি, সেটাতো দুর্ভাগ্য বলে লাভ নেই। উইকেট ওরকম ছিল যারা ভালো জায়গায় বোলিং করেছে, তারা সফল হয়েছে।