
মুশফিকের এমন অদ্ভুত আউটে রীতিমতো বিস্মিত তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটে আজই প্রথম ধারাভাষ্য দিতে হাজির হওয়া তামিম তার সতীর্থের এমন কাণ্ডের পর বললেন, ‘মুশফিকের এমন আউট খুবই হতাশাজনক।’
এদিন আতহার আলী খানের সঙ্গে ধারাভাষ্য দেওয়া তামিম আরও বলেন, ‘৮০টিরও বেশি টেস্ট খেলেছে মুশফিক। তার জানা উচিত ছিল এটা করা যায় না।’
যদিও তামিম মনে করেন, নেট প্র্যাকটিসের সময় ব্যাটারের পেছনে কেউ না থাকায় ব্যাটার যেমন নিজেই বোলারকে বল দিতে যান, অভ্যাসবশত সেই ভুলটাই হয়তো করে ফেলেছেন মুশফিক। তবে এমন আউটের কোনো অজুহাত থাকতে পারে না বলেও মনে করেন তিনি।
পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে ১২তম ব্যাটার হিসেবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হলেন মুশফিক। তবে টেস্টে মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে এই আউট হলেন তিনি। এর আগে ১৯৫১ সালে ওভাল টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম এভাবে আউট হয়েছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি ওপেনার লেন হাটন।
এই আইনটি এক সময় ‘হ্যান্ডলড দ্য বল’ আউট নামে পরিচিত ছিল। কিন্তু ২০১৭ সালে ‘হ্যান্ডলড দ্য বল’ আউটকে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের অর্ন্তভুক্ত করা হয়।