
এর আগে প্রথমে জানানো হয়েছিল, চ্যাম্পিয়নস ট্রফি মাত্র ১৯ দিনের প্রতিযোগিতা, তাই পরিবারের কেউ ক্রিকেটারদের সঙ্গে যেতে পারবেন না। তবে সেই সিদ্ধান্ত থেকে এবার সরে এল বিসিসিআই।
আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা শুরু করবে ভারত। আর ভারত যদি ফাইনালে ওঠে তা হলেও তিন সপ্তাহের বেশি চলবে না আসরটি। দেশটির বোর্ডের নির্দেশিকায় বলা হয়েছে, যদি ৪৫ দিন বা তার বেশি দিনের বিদেশ সফর থাকে তা হলে সেখানে দু’সপ্তাহের জন্য পরিবার ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবে। এক্ষেত্রে যেহেতু প্রতিযোগিতার দিন অনেক কম, তাই বোর্ড জানিয়েছিল যে পরিবার সঙ্গে নিয়ে যেতে পারবেন না ক্রিকেটারেরা। সেই সিদ্ধান্তেই বদল। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ‘দৈনিক জাগরণ’ সূত্রে খবর, একটি ম্যাচের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে।
যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের ফতোয়া থাকলেও এক সিনিয়র ক্রিকেটার আবেদন করেছিলেন যাতে পরিবারকে সঙ্গে নিয়ে যেতে পারেন, যা নাকচ করে দিয়েছিল বোর্ড। এবার বিসিসিআই জানিয়েছে, একটি ম্যাচের জন্য ক্রিকেটারদের পরিবারের সদস্যেরা দুবাই যেতে পারবেন। তবে কোন ম্যাচে তারা যাবেন, সেটা ক্রিকেটারেরা ঠিক করবেন। বোর্ডের কাছে ক্রিকেটারদের লিখিত ভাবে জানাতে হবে কোন ম্যাচে কার পরিবারের সদস্যেরা দুবাই যাবেন। তারপর বোর্ড অনুমতি দেবে।
এবারের চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজক পাকিস্তান। তবে ভারতীয় দল নিরাপত্তার কারণে পাকিস্তান যাবে না। রোহিত শর্মারা সব ম্যাচ দুবাইয়ে খেলবেন। সেখানেই ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ ভারতের। এরপর পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপের পরবর্তী ম্যাচ খেলবেন রোহিতেরা। ভারত যদি সেমিফাইনালে ওঠে তা হলে ৪ মার্চ খেলবে তারা। ফাইনাল ৯ মার্চ। এই সব ম্যাচের মধ্যে যে কোনো একটি ম্যাচে পরিবারকে সঙ্গে পাবেন ক্রিকেটারেরা।