
বাকেরগঞ্জ প্রতিনিধি।।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধাল ইউনিয়নের সুন্দরকাটি গ্রামে দোকানে বসা এক ব্যক্তিকে পিছন থেকে কুপিয়ে গুরুতর জখম ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত নান্নু শিকদারকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিজ দোকানে বসে থাকা অবস্থায় নান্নু শিকদারের ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায় একদল দুর্বৃত্ত। অভিযোগ রয়েছে, সুন্দরকাটি গ্রামের কাউসার তালুকদার, রুমান মোল্লা, রাসেল খানসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
নান্নু শিকদারের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত শেবাচিম হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসীর দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। প্রকাশ্যে এ ধরনের হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।