
রাসেল কবির, মেহেন্দিগঞ্জ
বরিশালের কাজিরহাট থানার ৭ নম্বর ভাসানচর ইউনিয়নের দক্ষিণ খলিশা পার গ্রামে একটি বসতঘরে সিঁধ কেটে নগদ ৫ লাখ টাকা ও প্রায় ৪ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে।
গত শনিবার রাত আড়াইটার দিকে মামুন রাড়ির বসতঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী ময়না বেগম অভিযোগ করেন, রাতে স্বামী বাড়িতে না থাকায় ছোট বোন ও দুই সন্তানকে নিয়ে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন তিনি। এ সময় শরীরে কারও স্পর্শ অনুভব করে ঘুম ভাঙলে একই বাড়ির জামাল চৌকিদার ও পাশের বাড়ির সোহেল হাওলাদারকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন বলে দাবি করেন তিনি।
ময়না বেগমের ডাক-চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসেন। পরে ঘরে ঢুকে স্টিলের আলমারি ভাঙা এবং আসবাবপত্র ও কাপড়চোপড় এলোমেলো অবস্থায় দেখতে পান। তাঁর অভিযোগ, আলমারির ড্রয়ার থেকে নগদ ৫ লাখ টাকা, এক জোড়া রুলি, এক জোড়া কানের ঝুমকা ও একটি চেইনসহ প্রায় ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে চোরেরা।
একই বাড়ির বাসিন্দা রেজাউল হাওলাদার জানান, রাতে চিৎকার শুনে ঘুম ভেঙে ঘটনাস্থলে গিয়ে ঘরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান।
এ ঘটনায় গত রবিবার ময়না বেগমের শ্বশুর সাত্তার বাদী হয়ে কাজিরহাট থানায় চুরির মামলা করেছেন।
কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।