1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
একই পরিবারের তিন ভাইয়ের সার ডিলারশিপ, বৈধতা নিয়ে হাইকোর্টে রিট - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

একই পরিবারের তিন ভাইয়ের সার ডিলারশিপ, বৈধতা নিয়ে হাইকোর্টে রিট

  • প্রকাশিত : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর বাউফলে একই পরিবারের তিন ভাইয়ের নামে সার ডিলারশিপ পাওয়ার ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বড় দুই ভাইয়ের আগে থেকেই পটুয়াখালীর দুমকি উপজেলায় দুটি বিসিআইসি সার ডিলারশিপ রয়েছে। সম্প্রতি ছোট ভাইও বাউফল উপজেলায় নতুন করে সার ডিলার নিয়োগ পেয়েছেন। একই পরিবারের তিন ভাইয়ের ডিলারশিপ পাওয়ার বিষয়টি নিয়ে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন স্থানীয় এক ব্যবসায়ী। পাশাপাশি জেলা প্রশাসকের কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

সম্প্রতি কৃষি মন্ত্রণালয় পটুয়াখালী জেলার ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন পর্যায়ে সার ডিলার নিয়োগের তালিকা প্রকাশ করে। ওই তালিকায় বাউফল উপজেলার ১ নম্বর কাছিপাড়া ইউনিয়নে ‘হাওলাদার এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী হিসেবে আবু রায়হানকে সার ডিলার নিয়োগ দেওয়া হয়।

অনুসন্ধানে জানা গেছে, আবু রায়হানের বাড়ি বাউফল উপজেলার বীরপাশা ইউনিয়নের দরিয়াবাদ গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে। তিনি ওই গ্রামের মো. শাহজাহান হাওলাদারের ছোট ছেলে। শাহজাহানের পাঁচ ছেলের মধ্যে তিনজনই বর্তমানে সার ডিলার হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাদের মধ্যে বড় ছেলে মো. শফিকুল ইসলাম শামীম কয়েক বছর আগে দুমকি উপজেলায় ‘মেসার্স মা পরিবহন সংস্থা’ নামে বিসিআইসি সার ডিলারশিপ পান। ডিলারশিপের ঠিকানা দেওয়া হয়েছে দুমকি হাইস্কুল রোড।

মেজো ছেলে কাওসার হোসেনও দুমকি উপজেলায় ‘মেসার্স কৃষি বিতান’ নামে আরেকটি বিসিআইসি সার ডিলারশিপ পেয়েছেন। প্রতিষ্ঠানটির ঠিকানা কার্তিকপাশা মোড়, দুমকি।

অন্যদিকে ছোট ছেলে আবু রায়হান সম্প্রতি বাউফলের ১ নম্বর কাছিপাড়া ইউনিয়নে ‘হাওলাদার এন্টারপ্রাইজ’র নামে নতুন সার ডিলারশিপ পেয়েছেন। ফলে একই পরিবারের তিন ভাইয়ের নামে সার ডিলারশিপ থাকার বিষয়টি সামনে এসেছে।

এ ঘটনায় নিয়োগের স্বচ্ছতা ও বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন কাছিপাড়া ইউনিয়নের তরুণ ব্যবসায়ী রাশেদুল হাসান। তিনি ডিলারশিপ বাতিলের দাবি জানিয়ে পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির কাছে লিখিত আবেদন করেছেন। পাশাপাশি এ নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট দায়ের করেছেন।

রাশেদুল হাসান অভিযোগ করে বলেন, ‘হাওলাদার এন্টারপ্রাইজের নামে আবু রায়হান যে সার ডিলারশিপ পেয়েছেন, তার আপন দুই ভাই আগে থেকেই ভুয়া কাগজপত্রের মাধ্যমে দুমকি উপজেলায় দুটি বিসিআইসি ডিলারশিপ ভোগ করছেন। একই পরিবারে একাধিক ডিলারশিপ থাকার পরও অর্থের বিনিময়ে আবু রায়হান নতুন করে আরও একটি ডিলারশিপ নিয়েছেন। এছাড়া আবু রায়হান দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তারপরও তিনি কীভাবে ডিলারশিপ পেলেন, তা বোধগম্য নয়।’

তিনি আরও বলেন, ‘এই নিয়োগ বাতিলের দাবিতে হাইকোর্টে রিট করেছি। আদালত বিষয়টি নিষ্পত্তির জন্য জেলা প্রশাসককে দায়িত্ব দিয়েছেন। গত ১১ নভেম্বর জেলা প্রশাসক উভয় পক্ষকে ডেকে তাদের বক্তব্য শুনেছেন। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত পাইনি।’

তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন আবু রায়হান। তিনি বলেন, ‘আমি এবং আমার ভাইয়েরা নীতিমালা ও যোগ্যতা অনুযায়ী সার ডিলারশিপ পেয়েছি। আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা।’

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ আমানুল ইসলাম বলেন, ‘আবু রায়হান (হাওলাদার এন্টারপ্রাইজ) নীতিমালা অনুযায়ী ডিলারশিপ পেয়েছেন এবং তার ভাইয়েরা আগের নিয়মে ডিলারশিপ পেয়েছিলেন। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews