
সংস্থাটির অনলাইন বিক্রয়কেন্দ্রের তথ্য অনুযায়ী, প্রতিটি ঘাসের খণ্ডের মাপ ১৭ দশমিক ৫ × ১৭ দশমিক ৫ × ১৭ দশমিক ৫। তবে এটি ইঞ্চি, সেন্টিমিটার নাকি মিলিমিটার—সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এ বিষয়ে ইএসপিএনের পক্ষ থেকে জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি সংস্থাটি।
বিক্রয়সংক্রান্ত বিবরণে বলা হয়েছে, ‘বিশ্ব ফুটবলের ইতিহাসের একটি সত্যিকারের স্মারক নিজের সংগ্রহে রাখুন। ফাইনাল ম্যাচে ব্যবহৃত মাঠের আসল ঘাসের একটি অংশ বিশেষ স্বচ্ছ সংরক্ষণ বাক্সে স্থায়ীভাবে সংরক্ষণ করে দেওয়া হবে। এর সঙ্গে থাকবে একটি স্মারক তথ্যসংবলিত সংযুক্তি। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ক্রীড়া আসরের স্মৃতি বহনকারী এই সংগ্রহযোগ্য সামগ্রী প্রতিটি ফুটবলপ্রেমীর জন্য অনন্য।’
এছাড়া সংস্থাটি জানিয়েছে, সংরক্ষণ বাক্সে বিশেষ সত্যতা যাচাইয়ের নিরাপত্তা চিহ্ন থাকবে। পুরো সামগ্রীটি আকর্ষণীয় নকশার উন্নত মানের উপহার বাক্সে সরবরাহ করা হবে, যা সংগ্রাহক, সমর্থক ও ফুটবলপ্রেমীদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।
তবে এই ঘাস কেবল যুক্তরাষ্ট্র ও ইউরোপের নির্দিষ্ট ঠিকানায় পাঠানো হবে। ফাইনাল ম্যাচ শেষ হওয়ার আগে কোনো অর্ডার সরবরাহ করা হবে না বলেও জানানো হয়েছে।
বড় ক্রীড়া আসরের মাঠের অংশ বিক্রি করার ঘটনা নতুন নয়। গত বছর ক্লাব বিশ্বকাপের ফাইনালে ব্যবহৃত একই মাঠের ঘাসও নিলামে তুলেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সেই ফাইনালে প্যারিস সেইন্ট-জার্মেইকে হারিয়ে শিরোপা জিতেছিল চেলসি।
তবে মেটলাইফ স্টেডিয়ামের মাঠের মান নিয়ে এরই মধ্যে খেলোয়াড় ও কোচদের সমালোচনার মুখে পড়তে হয়েছে আয়োজকদের। সাধারণত এই স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের পেশাদার আমেরিকান ফুটবল লিগের নিউইয়র্ক জায়ান্টস ও নিউইয়র্ক জেটসের ম্যাচ কৃত্রিম ঘাসের মাঠে অনুষ্ঠিত হয়।
এদিকে বিশ্বকাপের ফাইনালের সাধারণ টিকিটের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার ৯৭০ মার্কিন ডলার। আর খাবার ও পানীয়সহ বিশেষ আতিথেয়তা সুবিধাযুক্ত টিকিটের মূল্য রাখা হয়েছে যথাক্রমে ৩৪ হাজার ৫০০ এবং ৩২ হাজার ৫০০ মার্কিন ডলার।