পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক লাগামহীন হয়ে পড়েছে। এর ফলে চলাচলের রাস্তার তুলনায় এর মাত্রাতিরিক্ত সংখ্যার কারণে পৌরবাসী প্রতিনিয়ত তীব্র যানজটের কবলে পড়ছেন। জনদুর্ভোগ এখন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। নিয়মনীতির তোয়াক্কা না করে অতিরিক্ত যানবাহন চলাচল করা, চালকদের অদক্ষতা এবং বিদ্যুৎ সংকটের মাঝে চার্জিংয়ের অসংখ্য কারণে শহরবাসী এক চরম বিশৃঙ্খল পরিস্থিতির মুখে পড়েছে। পৌরসভার কর্তৃপক্ষের ভাষ্যমতে, তাদের কাছে এটি জানার কোনো উপায় নেই যে, মঠবাড়িয়া উপজেলাতে কতগুলো ইজিবাইক রয়েছে। অবৈধ ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা পৌর শহরের প্রধান সড়কগুলোয় দাপিয়ে বেড়াচ্ছে। বিশেষ করে শহরের দক্ষিণবন্দর মাছবাজার, সদর রোড, পৌরসভার সামনে, মন্দির রোড, টাওয়ার রোডে যানজট যেন লেগেই থাকে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌর শহর ছাড়াও ১১টি ইউনিয়ন থেকেও সকালে লোকজন তাদের রিকশা ও ইজিবাইক নিয়ে প্রবেশ করে। এ ছাড়া কোনোপ্রকার প্রশিক্ষণ ছাড়াই কিশোর ও অদক্ষ চালকরা দ্রুতগতির এই বাহনগুলো চালাচ্ছেন। উপজেলায় পাঁচ লাখের বেশি মানুষের বসবাস। যেখানে-সেখানে যাত্রী ওঠানো এবং নামানোর কারণে সাধারণ পথচারী ও যাত্রীদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়ছে। প্রশাসনের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের জন্য অবৈধ যানবাহন পরিচালিত হওয়ায় তাদের পক্ষে কঠোর কোনো পদক্ষেপ নিতে সমস্যা হচ্ছে। অন্যদিকে, এই হাজার হাজার ইজিবাইক ও রিকশা চার্জ দিতে গিয়ে প্রতিদিন প্রচুর পরিমাণ বিদ্যুৎ খরচ হচ্ছে, যা স্থানীয় বিদ্যুৎ সরবরাহে ঘাটতি সৃষ্টি করছে। পৌর শহরের বাসিন্দা রাব্বি হোসেনের দাবি, অবৈধ যানবাহন চিহ্নিত করে তা নিয়ন্ত্রণ করা উচিত এবং প্রশাসনকে প্রভাবশালীদের চাপমুক্ত হয়ে শক্ত ভূমিকা পালনের জন্য সহযোগিতা করতে হবে। পৌর শহরের বাসিন্দা সামিয়া রহমান বলেন, বাচ্চা নিয়ে স্কুলে যেতে সমস্যা হচ্ছে। সকাল হলেই ইজিবাইকের যানজট শুরু হয়ে যাচ্ছে। এ থেকে মুক্তি পাওয়া উচিত। সঠিক পরিকল্পনা করে এই নগরীকে যানজট মুক্ত রাখা উচিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আতাউর রাব্বী আরটিভিকে জানান, এটি বাংলাদেশের জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মঠবাড়িয়াতে কতগুলো ইজিবাইক রয়েছে সেগুলো সংখ্যা নির্ণয় করে সিনিয়রদের থেকে পরামর্শ নিয়ে যানজটমুক্ত করার পরিকল্পনা করবেন। এ বিষয়ে পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল আরটিভিকে বলেন, মঠবাড়িয়াতে একটি বাইপাস সড়ক দরকার যা জনগণের দীর্ঘদিনের দাবি। বিকল্প সড়ক না থাকার কারণে বাসগুলো পৌরশহরের ভেতর দিয়ে যায়, যে কারণে যানজট সৃষ্টি হচ্ছে। পৌরশহরটি একটি জনবহুল এলাকা। যারা ইজিবাইক চালান তারা আগে ছিলেন বেকার। এখন এটি দিয়ে তাদের সংসার চলে। তবে শহরকে যানজট মুক্ত রাখার জন্য একটি সুন্দর পরিকল্পনার কথা ও জানান দিবেন যাতে পৌরশহরে যানজট না থাকে।