
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।
বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও বরিশাল -৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাজিব আহসান বলেছেন,
এই দেশ থেকে যদি চুরিচামারি বন্ধ করা যায় তাহলে দেশ অনেক এগিয়ে যাবে। আপনারা ঘরের ছেলেকে ভোট দিন, যারা ১৭বছর আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলো না এবং যাদের বাড়ি এখানে নেই তাদেরকে কেন ভোট দিবেন?। আমি আপনাদের সন্তান, ভাই। ঘরের ছেলেকে ভোট দিন। আমার দল ক্ষমতায় আসলে আমি সর্বোচ্চ উন্নয়ন করতে পারবো। জামায়াত গ্রামের মা বোনদের কাছ থেকে ভোটার আইডি কার্ড আর বিকাশ নাম্বার সংগ্রহ করছে। এগুলো নিয়ে কি করবে?। আপনারা ভোট দিবেন এই উচিলায় কয়ডা পয়সা দিতে পারে, টাকার বিনিময়ে ভোট কিনতে উৎসাহী করা হারাম আর যারা এই কাজ করছে তারা ইসলামের পক্ষের লোক নয়। ঈমান আর চরিত্র বিক্রি করে হলেও জামায়াত ক্ষমতায় যেতে চায়। এরা মানুষকে ধোকা দিয়ে বলছে তাদের ভোট না দিলে নামাজ কালাম হবে না। বেহেশতে যেতে পারবে না। তিনি বলেন, বেহেশতে দেওয়ার মালিক আল্লাহ। ভোটের দিন ফজর নামাজ পড়ে সকলকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। ভোট দিয়ে কেন্দ্রে অবস্থান করবেন এবং রেজাল্ট নিয়ে ঘরে ফিরবেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নে সুলতানী ৫ নং ওয়ার্ডে চৌধুরী বাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি জনসাধারণের উদ্দেশ্যে এসব কথা বলেন।
রাজিব আহসান বলেন, শতাধিক মিথ্যা মামলার শিকার হয়ে পালিয়ে থাকতে হয়েছে আমাকে। অতীতের মতো আগামীতেও বিএনপির পাশে থাকতে জনগণকে আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বিএনপি জনগণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। জনগণের রায়ে সরকার গঠন করার সুযোগ পেলে বিএনপি জনপ্রত্যাশা পূরণ করবে, ইনশাআল্লাহ।
বৃহত্তর উলানিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম চৌধুরী মিল্টনের সভাপতিত্বে ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নেছার উদ্দিন সফিক, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু প্রমুখ।
ধানের শীষের প্রার্থী রাজিব আহসান মেহেন্দিগঞ্জের বিভিন্ন ইউনিয়নে একাধিক উঠান বৈঠকে বক্তব্য দেন। উঠান বৈঠকে নারী- পুরুষ ও তরুণদের ব্যাপক উপস্থিতি ছিল। যাত্রাপথে সড়কের দুই পাশে হাত উঁচিয়ে সালাম জানান উৎসুক জনতা।