
আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বিদেশে চিকিৎসা ও শিক্ষার খরচ পাঠানোর ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
সার্কুলার অনুযায়ী, বিদেশে চিকিৎসার জন্য অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো এখন থেকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই সর্বোচ্চ ৩০ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার। অর্থাৎ চিকিৎসার জন্য ব্যাংকের মাধ্যমে বৈধ পথে বিদেশে অর্থ পাঠানোর সুযোগ দ্বিগুণ করা হয়েছে।
এ ছাড়া বিদেশে স্কুলপর্যায়ের পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রেও নিয়ম শিথিল করা হয়েছে। আগে এ ধরনের শিক্ষার জন্য বৈদেশিক মুদ্রা ছাড় করতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক ছিল।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ নিশ্চিত হওয়ার পর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমতুল্য পর্যায়ের পড়াশোনার খরচ অনুমোদিত ডিলার ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই পাঠাতে পারবে।
বিদেশে দূরশিক্ষণ বা চিঠিপত্রের মাধ্যমে পরিচালিত নিয়মিত একাডেমিক কোর্সের খরচ পাঠানোর নিয়মও সহজ করা হয়েছে। আগে সার্টিফিকেশন ও পেশাগত কোর্সের ক্ষেত্রে এ ধরনের সুবিধা থাকলেও নিয়মিত একাডেমিক পড়াশোনার জন্য তা স্পষ্টভাবে অন্তর্ভুক্ত ছিল না। নতুন নির্দেশনায় দূরশিক্ষণের মাধ্যমে পরিচালিত নিয়মিত একাডেমিক কোর্সের খরচও বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, চলতি হিসাবের লেনদেনে রূপান্তরযোগ্যতার বিদ্যমান কাঠামোর আওতায় অনুমোদিত ডিলার ব্যাংকগুলো নির্ধারিত সীমার মধ্যে বা সীমা ছাড়া বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারে। বৈধ চলতি হিসাবের লেনদেন আরও সহজ করা এবং বিদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে নমনীয়তা বাড়াতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, দেশে আনা বৈদেশিক মুদ্রা ব্যাংকের রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবে জমা রাখার নিয়মেও পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশ থেকে বাংলাদেশে আসার সময় কোনো আবাসিক বাংলাদেশি যে বৈদেশিক মুদ্রা সঙ্গে আনবেন, তা আরএফসিডি হিসাবে জমা রাখতে হলে অবশ্যই শুল্ক কর্তৃপক্ষের কাছে ফরম এফএমজে-এর মাধ্যমে ঘোষণা দিতে হবে। অর্থাৎ কাস্টমসের কাছে ঘোষণা না করা বৈদেশিক মুদ্রা এ হিসাবে জমা রাখার যোগ্য হবে না।
বাংলাদেশ ব্যাংকের মতে, ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, বিদেশে পড়াশোনা ও অন্যান্য অনুমোদিত খাতে ব্যক্তিগতভাবে বিদেশে অর্থ পাঠানোর সুযোগ সম্প্রসারণের বিষয়টি বিবেচনায় নিয়ে আরএফসিডি হিসাবে বৈদেশিক মুদ্রা জমার যোগ্যতা যৌক্তিক করা হয়েছে।
সার্কুলারে আরও বলা হয়েছে, এসব সিদ্ধান্ত বাস্তবায়নে প্রচলিত বৈদেশিক মুদ্রা লেনদেনসংক্রান্ত বিধিবিধান প্রয়োজন অনুযায়ী সংশোধিত বলে গণ্য হবে। তবে বিদ্যমান অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।