
বনানী সংবাদদাতা // রাজধানীর বনানী থানাধীন কড়াইল স্যাটেলাইট এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও দখলবাজ ১নং স্যাটেলাইট ইউনিট আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি জামাল হাসান (মাস্টার) ও সাধারণ সম্পাদক ফুল মিয়া ক্ষমতার পালাবদলে রাতারাতি বিএনপি নেতা বনে গেছেন।
বিএনপির নাম ভাঙিয়ে কড়াইল স্যাটেলাইট এলাকায় মাদক ব্যবসা, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়েছেন। চালিয়ে যাচ্ছেন ভাংচুর ও লুটপাট। ওই এলাকার দোকানপাট, ফুটপাত ও ট্রাক স্ট্যান্ড থেকে এখন জামাল হাসান ও ফুল মিয়া চাঁদাবাজি শুরু করেছেন।
নিজেদের ক্ষমতার জানান দিতে তারা দলে দলে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে কড়াইল বস্তিতে। বনানী থানা পুলিশের নিরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
গত ৫ আগষ্ট, শেখ হাসিনার পদত্যাগের পরে রাতের বেলা আওয়ামী লীগ কর্মী আলফাজ খাঁনের ঘর ভাংচুর করে লুটপাট করে দখলে নেয় জামাল-ফুল মিয়া বাহিনী। বর্তমানে পালিয়ে বেড়াচ্ছেন আলফাজ খাঁন।
জামাল-ফুল মিয়া এখন নিজেদের বিএনপি নেতা দাবি করে নিরীহ মানুষের ঘরবাড়ি দখল-লুটপাট ও অমানুষিক নির্যাতন শুরু করেছে। তার সাথে চলছে তাদের অবাধ মাদক বানিজ্য।
আলফাজ খাঁন বলেন, তারা এখন বিএনপি লিডার সেজে আমার বাড়িঘর লুটপাট এবং ভাঙচুর করে দখল করে রেখেছে। কার কাছে বিচার পাবো?
এ বিষয়ে বনানী থানার ওসি কাজী সাহান হকের বক্তব্য পাওয়া যায়নি।