1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার ডেঙ্গুতে প্রাণ গেলো আরও দুইজনের, আক্রান্ত ১৬১৫

নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’

  • প্রকাশিত : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৬ 0 বার সংবাদি দেখেছে

শাহজাহান আকন্দ শুভ // কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে দেশজুড়ে ‘অল আউট অ্যাকশন’ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারের নির্দেশনার পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান। শুধু নাশকতায় সরাসরি জড়িত ব্যক্তিরাই নন, নাশকতার পরিকল্পনাকারী, অর্থদাতা, নির্দেশদাতা এবং সংগঠিত করার কাজে যুক্ত ব্যক্তিদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। অভিযানের পাশাপাশি চলছে গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ।

এতে প্রতিদিনই বাড়ছে গ্রেপ্তারের সংখ্যা। একই সঙ্গে দীর্ঘ হচ্ছে গ্রেপ্তারের তালিকা। পুলিশের অনুসন্ধানে নতুন নতুন নাম আসছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, তাদের মুঠোফোনে পাওয়া যোগাযোগের তথ্য এবং বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আত্মগোপনে থাকা অন্য নেতাকর্মীদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। ইতোমধ্যে গত কয়েক দিনে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, সিটি করপোরেশনের সাবেক মেয়রসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৮ দিনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৬১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, মিছিল ও মিছিলের প্রস্তুতির অভিযোগে করা সুনির্দিষ্ট মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। ১২ নভেম্বরের পর থেকে গ্রেপ্তারের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়তে থাকে। পুলিশের হিসাব অনুযায়ী, ১২ নভেম্বর ২৭ জন, ১৩ নভেম্বর ৩২, ১৪ নভেম্বর ৩০, ১৫ নভেম্বর ২৯, ১৬ নভেম্বর ৫০, ১৭ নভেম্বর ৬৩ এবং ১৮ নভেম্বর ৯৬ জন গ্রেপ্তার হয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ককটেল বিস্ফোরণ ও উদ্ধারসংক্রান্ত ৯৬টি, গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে ১৬টি এবং মিছিল ও মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৮টি মামলা হয়েছে। এসব ঘটনায় কারা সরাসরি অংশ নিয়েছেন, কারা পেছন থেকে সহায়তা করেছেন এবং কারা অর্থ ও নির্দেশনা দিয়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

গত কয়েক দিনের অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এবং সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু। তাদের গ্রেপ্তারের মধ্য দিয়ে অভিযানের পরিধি যে শুধু মাঠপর্যায়ের কর্মীদের মধ্যে সীমাবদ্ধ নেই, তা স্পষ্ট হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন এবং জুলাইয়ের গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।

পুলিশ ও গোয়েন্দা সূত্র বলছে, সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ বেড়েছে। বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কর্মীদের যোগাযোগ, সাংগঠনিক তৎপরতা এবং সম্ভাব্য নাশকতার প্রস্তুতি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। একজনকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের শনাক্ত করা হচ্ছে। বিশেষ করে যারা সরাসরি মাঠে না থেকে অর্থায়ন, পরিকল্পনা ও নির্দেশনার মাধ্যমে নাশকতায় ভূমিকা রাখছেন, তাদের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বর্তমান ও সাবেক পদধারীদের কর্মকাণ্ডও খতিয়ে দেখা হচ্ছে। ডিএমপির সব থানা, গোয়েন্দা বিভাগ এবং সংশ্লিষ্ট বিশেষায়িত ইউনিটকে এ বিষয়ে সক্রিয় করা হয়েছে। রাজধানীর বাইরে নাশকতায় জড়িত থেকে ঢাকায় এসে আত্মগোপন করেছেন, এমন ব্যক্তিদেরও নজরদারিতে রাখা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী বলেন, গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান। রাজধানীতে পুলিশের দৃশ্যমান উপস্থিতি বাড়ানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, চেকপোস্ট ও পিকেট ডিউটির পাশাপাশি ফুট প্যাট্রল ও মোবাইল প্যাট্রল বাড়ানো হয়েছে। ব্লক রেইড ও চিরুনি অভিযানের মাধ্যমে সন্ত্রাসী ও নাশকতাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঢাকার বাইরে নাশকতায় জড়িত থেকে রাজধানীতে আশ্রয় নেওয়া ব্যক্তিদেরও নজরদারিতে রাখা হয়েছে।

রাজধানীতে অভিযান জোরদারের আরেকটি কারণ গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা। গত ১৫ নভেম্বর গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় তাদের কারও কারও হাতে দেশীয় অস্ত্র, রামদা, চাপাতি, লাঠি ও লগি-বৈঠা দেখা যায়। মিছিল থেকে জুলাই স্মৃতিস্তম্ভ, পুলিশ বক্স ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর সারাদেশে নড়েচড়ে বসে প্রশাসন। টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর সারাদেশে সাঁড়াশি অভিযান জোরদার করা হয়। তবে গোপালগঞ্জে আপাতত ঢাকার মতো ব্যাপক গ্রেপ্তার অভিযান চালানোর পথে হাঁটছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সদর দপ্তর ও ঢাকা রেঞ্জের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই জেলায় সহিংসতার নেপথ্যে কারা নেতৃত্ব দিচ্ছে, কারা অর্থায়ন করছে এবং কারা নির্দেশনা দিচ্ছে, তা শনাক্ত করাকে এখন অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তী সময়ে গ্রেপ্তার অভিযান চালানো হবে।

ঢাকা রেঞ্জের দায়িত্বশীল একজন পুলিশ কর্মকর্তা বলেন, গোপালগঞ্জে ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর বল প্রয়োগ করা হলে প্রাণহানি ও বড় ধরনের অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে। এ ধরনের পরিস্থিতি এড়াতে পুলিশকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে।

এদিকে রাজধানীতে নাশকতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সড়কের গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে চেকপোস্ট ও টহল। পুলিশের কর্মকর্তারা বলছেন, যেকোনো ধরনের ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা ঠেকাতে আগাম তথ্য সংগ্রহে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া উসকানিমূলক তথ্য ও বিভিন্ন গোষ্ঠীর যোগাযোগের বিষয়ও পর্যবেক্ষণ করা হচ্ছে।

পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের মতে, আত্মগোপনে থাকা নেতাকর্মীদের একটি অংশ সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তাদের মধ্যে কেউ মাঠপর্যায়ে কর্মীদের সংগঠিত করছেন, কেউ অর্থের জোগান দিচ্ছেন, আবার কেউ দেশের বাইরে থেকে যোগাযোগ ও নির্দেশনা দিচ্ছেন বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই করে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews