
গৌরনদী প্রতিনিধি // বরিশার-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপনকে বিজয়ী করতে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করা ও রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছেন দলের নিষ্ক্রিয় নেতা, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবুল হোসেন মিঞা। শুক্রবার দুপুরে উপজেলার টরকী বন্দরের নিজ বাসভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। দেশের বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই সাংবাদিক সম্মেলনে আলহাজ্ব আবুল হোসেন মিঞা তার লিখিত বক্তব্য পাঠ করে শোনান। এ সময় তিনি বলেন, গত চার দশক ধরে আমি বিএনপি’র রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমি যতদিন বেঁচে থাকবো বিএনপি’র সাথেই থাকবো। মাঝে শারীরিক অসুস্থতার কারণে একটু নিষ্ক্রিয় হয়ে পড়েছিলাম। এখন আমি সম্পূর্ণ সুস্থ। তাই আবার পূর্ণ উদ্যমে দলের সক্রিয় হলাম। বরিশাল-১ আসনে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তাই আমার নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনসাধারণকে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানাই। আগামী নির্বাচনে জহির উদ্দিন স্বপনের নেতৃত্বে দলকে শক্তিশালী করে জনগনের আশা আকাঙ্খা বাস্তবায়নে আমার সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করছি। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, জেলা বিএনপি’র সদস্য রফিকুল ইসলাম কাজল, পৌর বিএনপি’র সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ কামরুজ্জামান খোকন, হারুন হাওলাদার, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক শামীম খলিফা, সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি জাকির হোসেন রাজা, নারী নেত্রী তাসলিমা বেগম, তানিয়া আক্তার, টরকী বন্দর বনিক সমিতির কোষাধ্যক্ষ বিএনপি নেতা অলিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী কালাম, সাবেক ছাত্র নেতা আব্দুল হাকিম সিকদার প্রমূখ।