
আজ রবিবার বেলা ১১টা থেকে সংঘর্ষ শুরু হয়। দফ দফায় সংঘর্ষের পর বিকেল ৪টার দিকে ক্যাম্পাসে আসেন সেনাবাহিনীর সদস্যরা।
এর আগে সংঘাতময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ১৪৪ ধারা জারি করে হাটহাজারী উপজেলা প্রশাসন।
১৪৪ ধারা জারি করার নোটিশে বলা হয়, চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব সীমা থেকে পূর্বদিকে রেলগেট পর্যন্ত রাস্তার উভয়পাশে সকাল সাড়ে ১১টায় স্থানীয় জনসাধারণ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরস্পর মুখোমুখি ও আক্রমণাত্মক হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এখন উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলছে।
এ অবস্থায় জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা ও শান্তি-শৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব সীমা থেকে পূর্বদিকে রেলগেট পর্যন্ত রাস্তার উভয়পাশে দুপুর ২টা থেকে আগামীকাল সোমবার রাত ১২টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার আদেশ জারি করা হয়েছে।
উল্লেখিত এলাকায় সব প্রকার সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সব প্রকার দেশি অস্ত্র ইত্যাদি বহনসহ সংশ্লিষ্ট এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।