
নীলফামারীর জলঢাকা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে দলিল লেখক সমিতির সভাপতি সাইদুর রহমান (আলম)-এর বিরুদ্ধে। এ ঘটনায় জেলা রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ করেছেন দলিল লেখক মো. মোখলেছার রহমান।
অভিযোগের বিষয়ে সভাপতির বক্তব্য জানতে সাংবাদিকের সঙ্গে যোগাযোগের পর অভিযোগকারী মো. মোখলেছার রহমানকে মেরে ‘লাশ বানিয়ে দেওয়ার’ হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
লিখিত অভিযোগে মোখলেছার রহমান উল্লেখ করেন, দলিল লেখক সমিতির সভাপতি নির্বাচিত হওয়ার পর সাইদুর রহমান (আলম) বিভিন্ন অজুহাতে দলিল লেখকদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছেন। গত ৬ সেপ্টেম্বর দলিলপ্রতি ২০০ টাকা চাঁদা দাবি করা হলে তিনি এর প্রতিবাদ করেন। এ সময় সাব-রেজিস্ট্রারের এজলাসে দলিল সই করার মুহূর্তে তাকে অশালীন ভাষায় গালাগাল এবং শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত জানুয়ারি মাসেও মোখলেছার রহমানের কাছে দলিলপ্রতি ২ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে অপমান ও গালাগাল করা হয় বলেও দাবি করেন তিনি।
এদিকে, এসব অভিযোগের বিষয়ে দলিল লেখক সমিতির সভাপতি সাইদুর রহমান (আলম)-এর বক্তব্য জানতে একজন সাংবাদিক তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। এ সময় কথোপকথনের একপর্যায়ে অভিযোগকারী মো. মোখলেছার রহমানকে মেরে ‘লাশ বানিয়ে দেওয়ার’ হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।
অভিযোগকারী মো. মোখলেছার রহমান বলেন, চাঁদা দাবির প্রতিবাদ করায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, জেলা রেজিস্ট্রার এবং জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন।
তবে দলিল লেখক সমিতির সভাপতি সাইদুর রহমান (আলম)-এর বিরুদ্ধে ওঠা চাঁদা দাবির অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে যোগাযোগ করা হলে কথোপকথনে হুমকির বিষয়টি উঠে আসে বলে দাবি করা হয়েছে।
অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর প্রকৃত ঘটনা ও দায়ীদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।