জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি
প্রকাশিত :
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
২৭
0 বার সংবাদি দেখেছে
এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি // বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম জাতীয় সংসদে বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা জাতীয়করণের জোরালো দাবি জানিয়েছেন। বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে প্রদত্ত বক্তব্যে তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার একটি বড় অংশ পরিচালিত হচ্ছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে। অথচ এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের তুলনায় নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন।
তিনি বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষক সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষাক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করতে পর্যায়ক্রমে এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলো সরকারি করা সময়ের দাবি। জাতীয়করণ হলে শিক্ষক-কর্মচারীদের চাকরির নিরাপত্তা নিশ্চিত হবে, শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা গ্রহণের অধিক সুযোগ পাবে।
অধ্যক্ষ আব্দুল আলিম মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, শিক্ষকদের মর্যাদা রক্ষা এবং দেশের সার্বিক শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
সংসদে উত্থাপিত এ দাবিকে স্বাগত জানিয়েছেন দেশের বিভিন্ন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। তারা আশা প্রকাশ করেছেন, সরকারের আন্তরিকতা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের প্রত্যাশিত এ দাবি বাস্তবায়িত হবে এবং শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান বৈষম্যের অবসান ঘটবে।
এদিকে জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি উত্থাপন করায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিমকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এস. এম. সাইফুল ইসলাম কবির এবং মহাসচিব আহমেদ হোসাইন ছানু।
এ ছাড়া এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ মহাজোটের মহাসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজ, এমপিওভুক্ত চতুর্থ শ্রেণি কর্মচারী পরিষদের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং মহাসচিব কামরুল খানও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিমের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।
শিক্ষক-কর্মচারীদের মতে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ হলে শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের বৈষম্য দূর হওয়ার পাশাপাশি শিক্ষকদের আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং দেশের শিক্ষা ব্যবস্থার ভিত্তি আরও সুদৃঢ় হবে।