
নিজস্ব প্রতিবেদক // শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। জুমার নামাজ পড়ার জন্য যাওয়ার সময় শেরপুর-শ্রীবরদী সড়কের ভারেররা তিন রাস্তার মোড়ে শুক্রবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন- শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া পূর্বপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে ফয়সাল ওরফে বাবু (২০) ও একই উপজেলার কুড়িকাহনীয়া বাজারের মুকুল মিয়ার ছেলে রিফাত আহম্মেদ হৃদয় (২০)। আহতের নাম তৌহিদ (১৯)। তিনি কুড়িকাহনীয়া মিয়াপাড়া গ্রামের মাসুদ পারভেজের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী জানান, শুক্রবার দুপুরে কুড়িকাহনীয় গ্রামের বাড়ি থেকে হৃদয়, বাবু ও তৌহিদ মোটরসাইকেলযোগে বকশিগঞ্জের একটি মসজিদে জুমার নামাজ পড়ার জন্য যাচ্ছিল। ভারেরা তিন রাস্তার মোড়ে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় ওই তিনজন মোটরসাইকেলের আরোহী। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অন্যজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।