
নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠির নলছিটিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে এক বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দপদপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি গ্রিনভিউ পরিবহনের হেলপার। তবে তার নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা গ্রিনভিউ পরিবহন এবং কুয়াকাটা থেকে ছেড়ে আসা আবদুল্লাহ পরিবহনের মধ্যে এ সংঘর্ষ হয়। বৈরী আবহাওয়ার মধ্যে সড়কের একটি বাঁকে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুটি সড়কের পাশে ছিটকে যায়। এ সময় গ্রিনভিউ পরিবহনের হেলপার বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় দুই বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন।