
নিজস্ব প্রতিবেদক // ঈদ যাত্রা নিরাপদ রাখতে কাজ করে যাচ্ছে ঝালকাঠি জেলা প্রশাসন ও বিআরটিএ। এরই ধারাবাহিকতায় আজ ৫ এপ্রিল রোজ শনিবার জেলা বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বেপরোয়া গতি, অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুসারে জরিমানা করা হয়। অভিযানে আলাদা আলাদা অপরাধে মিজান পরিবহনসহ মোট ৩ টি মামলায় মোট ১৬০০০ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মিনহাজুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিআরটিএ মোটরযান পরিদর্শক সৌরভ কুমার সাহা, বাস মালিক সমিতির প্রতিনিধি, শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ বিষয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মিনহাজুল ইসলাম বলেন, সদ্য সমাপ্ত পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথ চেকপোস্ট অভিযান পরিচালনা করেছি। প্রতিদিনই জেলার কোন না কোন সড়কে কাজ করেছি। মানুষের নিরাপত্তায় আমাদের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
এ বিষয় বিআরটিএ মোটরযান পরিদর্শক সৌরভ কুমার সাহা বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে যে সকল পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করেছে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে তাদের আইনের আওতায় আনা হয়েছে। এছাড়াও বেপরোয়া গতি, হাইড্রলিক্স হর্ন,ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনস্বার্থে এই কার্যক্রম চলমান থাকবে।