
এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে মশাবাহিত রোগটিতে কারও প্রাণহানি হয়নি। এতে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২০২ জনেই স্থির রয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও প্রাণহানি হয়নি। তবে এই সময়ে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৬৪ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন ও বরিশাল বিভাগে ৫৬ জন করে মোট ১১২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৫ জন, ঢাকা বিভাগে ৩৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে শুক্রবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২০২ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (৯৫ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৩২ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৫ জন এবং ঢাকা বিভাগে ৩ জন ডেঙ্গুতে মারা গেছেন।