
নিজস্ব প্রতিবেদক।।
খুলনার ফুলতলায় তেলবাহী ট্রাক, বাস ও কলেজ বাসের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৪ জন আহত হয়েছেন। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার যুগ্নীপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আটজনকে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি ১৬ জনকে যশোর জেলার অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ওই আটজনকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকালে যশোর থেকে খুলনাগামী জ্বালানি তেলবাহী ট্রাকের হঠাৎ একটি চাকা ফেটে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যশোরগামী রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় তেলবাহী ট্রাকটির পেছনে থাকা খুলনা সরকারি বিএল কলেজের শিক্ষার্থীবাহী বাস ট্রাকটিকে এড়িয়ে সজোরে ধাক্কা দেয়। এতে তিনটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহায়তায় আহতদের ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এসময় ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
খুমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে রয়েছে খুলনা বিএল কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ইভা (১৯), সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তামান্না জান্নাত (২০), অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাবরিনা (২৪), গণিত বিভাগের শিক্ষার্থী রন্তা রায় (৩০), মাইমুনা (২২), বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাজমুন নাহার (১৮), যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান (৪০) এবং বাসের হেলপার সাইফুল (৪০)।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম তৌহিদ বলেন, বাস, ট্রাক ও বিএল কলেজ বাসের ত্রিমুখী সংঘর্ষে মোট ২৪ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সময় সড়কে সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।