লালপুর (নাটোর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর পক্ষে মিছিল ও গণসংযোগ করেছে বিএনপির সাবেক ও বঞ্চিত নেতাকর্মীরা।
রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার ওয়ালিয়া ঈদগাহ মাঠ থেকে তারাএকটি মিছিলটি বের করেন। মিছিলটি ওয়ালিয়ার ট্রাফিক মোড় প্রদক্ষিণ করে ওয়ালিয়া বাজারে গিয়ে শেষ হয়।
গণসংযোগ ও মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মঞ্জুরুল ইসলাম বিমল, লালপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আতিকুল্লাহ বিশ্বাস গ্যাদা, ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার এবং স্বেচ্ছাসেবক দল নেতা মুনসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিএনপির জন্মলগ্ন থেকেই তাঁরা দলের সঙ্গে ছিলেন এবং দুঃসময়ে দলকে আগলে রেখেছেন। কিন্তু দীর্ঘদিন ধরে ত্যাগী নেতাকর্মীরা অবহেলিত ও বঞ্চিত হয়ে আসছেন। বক্তাদের অভিযোগ, একটি পরিকল্পিত সিন্ডিকেট লালপুর ও বাগাতিপাড়া উপজেলা বিএনপিকে বিভক্ত করে রেখেছে।
স্বেচ্ছাসেবক দল নেতা মুনসুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “এতদিন আমরা স্বতন্ত্র প্রার্থী ডাঃ ইয়াসির আরশাদ রাজনের নেতৃত্বে ওই সিন্ডিকেটের বিরুদ্ধে আন্দোলন করেছি। কিন্তু তিনি হঠাৎ করে তাদের সঙ্গে আপস করায় আমরা হতাশ হয়েছি। তাই এখন আমরা স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর পাশে দাঁড়িয়েছি। তিনি ওয়ালিয়া ইউনিয়নের সকল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে কলস প্রতীকে ভোট দিয়ে তাইফুল ইসলাম টিপুকে বিজয়ী করার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা আরো বলেন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কলস মার্কায় ভোট প্রদানের মাধ্যমে তাইফুল ইসলাম টিপুকে জয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।