
নিজস্ব প্রতিবেদক // টাঙ্গাইলের কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে শহীদুল ইসলাম মণ্ডল নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে হত্যার ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে মামলা করেছেন নিহতের পরিবার।
এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চরহামজানি গ্রামে হত্যার ঘটনা ঘটে। নিহত শহীদুল ইসলাম (৬২) ওই গ্রামের কাশেম আলী মণ্ডলের ছেলে।
নিহতের ভাতিজা রুবেল ও স্থানীয়রা জানান, জমির ওয়ারিশ নিয়ে আমার চাচা শহীদুল ইসলামের সঙ্গে তার ফুফাতো ভাইয়ের ছেলে ইউসুফ আলী ও তার পরিবারের বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় চাচা শহীদুল ইসলাম নামাজ পড়তে যাওয়ার সময় ইউসুফ আলী ও তার সহযোগীরা অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চাচাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।